
ছবি: সংগৃহীত
ইরানের ভেতরে বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অস্ত্রাগারে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সোমবার (২৩ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ও স্থলবাহিনীর সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া কুদস ফোর্সের একটি ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং অন্যান্য উৎপাদন ও গবেষণা স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের দেওয়া এই তথ্যের সত্যতা এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, তেহরানের পক্ষ থেকেও এই হামলার ক্ষয়ক্ষতি বা প্রতিক্রিয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। বিশ্বজুড়ে এই হামলা ও পাল্টা হামলার ঘটনায় বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা





































