
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই উপকূলের একটি প্রত্যন্ত সৈকতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কালালাউ সৈকতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কাউয়াই দমকল বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে একজন পাইলট ও চারজন যাত্রী ছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।
দেশটির কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ সৈকত থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল ‘হিউজেস ওএইচ-৬ কায়ুজ’ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল ‘এয়ারবোন এভিয়েশন’ নামের একটি ট্যুর কোম্পানি। পর্যটকদের দ্বীপের সৌন্দর্য দেখানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।






































