শনিবার । মার্চ ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৮ মার্চ ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

টানা ৩৮ দিনের ছুটি শেষে কাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান


primary-school-teacher

ফাইল ছবি

রোজা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসসহ দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) এই দীর্ঘ ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কিছুটা কম হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে ছুটির পর থেকেই পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সব প্রতিষ্ঠানে যথারীতি নিয়মিত পাঠদান চলবে।

বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, এবার রোজা ও ঈদের ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অভিভাবকদের রিট এবং সরকারের বিশেষ সিদ্ধান্তে গত ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ আগামী ১০ সপ্তাহ প্রাথমিকে শনিবারেও ক্লাস চলবে। তবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো নতুন নির্দেশনা দেয়নি।

দীর্ঘ ছুটির পর প্রিয় প্রাঙ্গণে ফেরার অপেক্ষায় এখন দেশের কোটি শিক্ষার্থী। কাল সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে দেশের ক্যাম্পাসগুলো।