
সংগৃহীত ছবি
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপিত হলো। দীর্ঘ ৫৩ বছরে এই প্রথমবার ট্রেজারি বেঞ্চ—অর্থাৎ সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব সংসদে আলোচনার জন্য গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও রাজনৈতিক ত্যাগের ফল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’, যা দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার দলিল। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন-কানুন প্রণয়ন ও সংশোধনের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সংসদের কার্যক্রম মুলতবি রাখার দাবি জানান।
স্পিকার প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কার্যপ্রণালী বিধির ৬৫(২) অনুযায়ী আলোচনার অনুমতি দেন। তিনি ঘোষণা করেন, আগামী ৫ এপ্রিল রবিবার দিনের সর্বশেষ আলোচ্য হিসেবে এই মুলতবি প্রস্তাব দু’ঘণ্টা ধরে আলোচিত হবে।
স্পিকার আরও জানান, এ পর্যন্ত কখনও সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়নি—এটাই প্রথম। ৫ এপ্রিল প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।







































