রবিবার । এপ্রিল ৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে অশালীন ভাষায় হুঁশিয়ারি ট্রাম্পের


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি ইরানের নেতাদের উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করে বলেন, ‌‘পাগলগুলো’ যেন দ্রুত প্রণালী খুলে দেয়, নচেৎ তাদের ‘নরক’ দেখতে হবে।

ওই পোস্টে ট্রাম্প ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামো ধ্বংস করারও হুমকি দেন। পোস্টের শেষে তিনি ‘Praise be to Allah’ লিখে সই করেন।

ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোববার পরে ফক্স নিউজের এক সাংবাদিককে ট্রাম্প বলেন, সোমবারের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।

তিনি বলেন, ‘তারা এখন আলোচনা করছে। যদি দ্রুত কোনো চুক্তি না হয়, তাহলে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার এবং তেলের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।’

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পরপরই বন্ধ হয়ে যায়।

প্রণালীটি পুনরায় চালু করা ট্রাম্প এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।

রোববার ওমান জানায়, তারা হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করেছে।

ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক্সে (সাবেক টুইটার) জানায়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীরা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নেন এবং প্রণালীটি খুলে দেওয়ার সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বক্তব্য ক্রমেই আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, প্রণালী খুলে না দিলে ইরানকে ‘নরক’ দেখতে হবে।

শনিবার তিনি তেহরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে বলেন, এর মধ্যে কোনো চুক্তি না হলে ‘সবকিছু ধ্বংস’ করা হবে।

এদিকে গত বৃহস্পতিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল তদারকির জন্য তারা ওমানের সঙ্গে একটি শান্তিকালীন প্রটোকল তৈরির কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি রুশ গণমাধ্যমকে বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর এই প্রটোকল কার্যকর হবে।

গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের একটি কমিটি প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে।