
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৫৪ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ৫৮৮ কোটি টাকা।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় এসেছিল মাত্র ১১ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৫৩ দশমিক ৩০ শতাংশ। রেমিট্যান্সের এই অস্বাভাবিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, দীর্ঘমেয়াদী পরিসংখ্যানেও ইতিবাচক ধারা বজায় রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৭৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৯০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের হিসেবে গতবারের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা প্রণোদনা এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণ করার ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আগের চেয়ে বেশি উৎসাহিত হচ্ছেন। প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের সামষ্টিক অর্থনীতি আরও স্থিতিশীল হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।









































