
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা বজায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলারে। গত ২ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার। অর্থাৎ গত কয়েক দিনের ব্যবধানে রিজার্ভের এই স্থিতিশীল অবস্থান বজায় রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভে এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে। এপ্রিলের প্রথম পাঁচ দিনেই বিপুল পরিমাণ রেমিট্যান্স আসার তথ্য পাওয়া গেছে, যা রিজার্ভের ভিত আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রিজার্ভের এই অবস্থান দেশের সামষ্টিক অর্থনীতির জন্য স্বস্তিদায়ক। তবে আমদানি দায় মেটানো এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপের দিকেও কেন্দ্রীয় ব্যাংক সতর্ক নজর রাখছে। প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে রিজার্ভের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।









































