বুধবার । এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ এপ্রিল ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান


hormuz

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেই এই গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেওয়া হবে। ৪৫ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইরান এমন কঠোর সিদ্ধান্তের কথা জানাল।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে স্থায়ী শান্তিতে বিশ্বাসী নয়। ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলেই মনে করে ইরান। ফলে সাময়িক কোনো চুক্তির ভিত্তিতে তারা হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ পথে নৌ-চলাচল স্বাভাবিক করবে না।

এদিকে যুদ্ধের ৩৮তম দিনে গতকাল সোমবার ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এছাড়া গতকাল ইরানে ছয় শিশুসহ মোট ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ইরানের ওই কর্মকর্তা আরও জানান, অবিলম্বে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে আসা একটি প্রস্তাব বর্তমানে তারা পর্যালোচনা করছেন। তবে ইরানের বৈদ্যুতিক অবকাঠামোয় হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের হুমকির ওপর ভিত্তি করে ইরান কোনো সিদ্ধান্ত নেবে না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমস্যা সমাধানের আলোচনার মধ্যে যুদ্ধাপরাধ করার হুমকি এবং আলটিমেটাম দেওয়া সম্পূর্ণ অন্যায়। ইরান তার আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে এবং যেকোনো হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।