মঙ্গলবার । এপ্রিল ৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৭ এপ্রিল ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
শেয়ার

ইরানকে ‘এক রাতেই ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ‘এক রাতেই ধ্বংস করে দেওয়া’ সম্ভব এবং সেটা মঙ্গলবার রাতেই হতে পারে।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা ঘিরে উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে এবং তা মঙ্গলবার রাতেই ঘটতে পারে।

ট্রাম্প দাবি করেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব দ্রুত ইরানকে নিষ্ক্রিয় করার সক্ষমতা রাখে।

সংবাদ সম্মেলনে তিনি সপ্তাহান্তে ইরানের ভেতর থেকে এক মার্কিন সেনা সদস্যকে উদ্ধারের ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জটিল ওই অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী সফলভাবে ওই সেনাকে উদ্ধার করেছে।

ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের মানুষকে ঘরে ফিরিয়ে এনেছি।’ এ অভিযানের জন্য তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেন।

এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকটি দেশের উদ্যোগে ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

ট্রাম্প বলেন, এই প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ”, তবে এটি এখনও যথেষ্ট নয়’।

একই সঙ্গে ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাতে পারে। তার দাবি, শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জনের জন্য ইরানের জনগণ ‘কিছু কষ্ট সহ্য করতে প্রস্তুত’ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানও অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে।

অন্যদিকে তেহরান এসব হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা হলে তার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।