বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৭ এপ্রিল ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার

ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায়: প্রতিমন্ত্রী


jonayed-saki

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে প্রতিকূল সময় পার করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে চতুর্থ জাতীয় অর্থনৈতিক শুমারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই উদ্বেগের কথা জানান।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশে যদি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার না ঘটে, তবে সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে না।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে কেবল রপ্তানি খাতের ওপর অতি-নির্ভরশীলতাকে অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, শুধুমাত্র রপ্তানির ওপর নির্ভর করে থাকলে দেশের অর্থনীতি খুব বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

দেশের অভ্যন্তরীণ উদ্যোক্তাদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয় উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের এই সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা স্বীকার করে জোনায়েদ আব্দুর রহিম সাকি আরও বলেন, আমাদের অর্থনৈতিক বাস্তবতা যতটা অস্বস্তিকর বা কঠিনই হোক না কেন, তা মেনে নিয়েই সামনে এগোতে হবে। আর এই পথচলায় সঠিক ও মানসম্পন্ন তথ্যের কোনো বিকল্প নেই।

সঠিক তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।