
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান || ফাইল ছবি
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্তমানে সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। তাই এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না। তবে এ মাসে দাম না বাড়লেও, পরবর্তীতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে পারে।
সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, জ্বালানি ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে একটি ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে কে কতটুকু জ্বালানি নিচ্ছে বা পাচ্ছে, সেই তথ্য সংরক্ষণ করা হবে। আজ থেকেই এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে।’
উপদেষ্টা বলেন, ‘সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এর মধ্যে আন্তর্জাতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই বাস্তবতায় সবাইকে কিছুটা ছাড় দিয়ে চলতে হবে।’
ডা. জাহেদ উর রহমান বলেছেন, পেট্রোল-অকটেন নেই এমন নয়, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুত, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। অটোরিকশা নিয়ন্ত্রণ, গণপরিবহনে জিপিএস চালু, এসি বাসের ভাড়া নির্ধারণ এবং সড়কে ইউ-টার্নসহ বিভিন্ন অনিয়ম দূরীকরণে কাজ চলছে বলে জানান। নৌপরিবহন ব্যবস্থাও ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সময়সূচি ও ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘আগের সরকারের অব্যবস্থাপনার কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।’
তিনি আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারাদেশে ৩ মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। কৃষককার্ডের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে।
দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।










































