
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় এই সংসদ সদস্য এসব দাবি উত্থাপন করেন।
মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ নয় মাস সপরিবারে বন্দি ছিলেন বেগম খালেদা জিয়া। সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলোতে তাঁর দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোও মায়ের সঙ্গে বন্দিশালায় দিন কাটিয়েছেন। এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের এক বাস্তব সত্য।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি থেকেও এই পরিবার যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। তাই তৎকালীন পরিস্থিতিতে বন্দি জীবন কাটানো এবং ত্যাগের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ এবং বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা এখন সময়ের দাবি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ইতিহাসের সঠিক মূল্যায়নের স্বার্থেই রাষ্ট্রকে এই স্বীকৃতি প্রদান করতে হবে। এসময় মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না।











































