
ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়ার পর অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে অ্যাতলেতিকোকে চেপে ধরেছিল বার্সা। ১৮ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ম্যাচের আসল মোড় ঘুরে যায় প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে।
ভিএআর যাচাইয়ের পর তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। সেই ফ্রি-কিক থেকেই হুলিয়ান আলভারেজ দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন অ্যাতলেতিকোকে।

দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে লড়াই চালিয়ে গেলেও গোল শোধ করতে ব্যর্থ হয় বার্সেলোনা। উল্টো ৭০ মিনিটে আলেকজান্ডার সলরথ গোল করে ব্যবধান দ্বিগুণ করলে বার্সার হার নিশ্চিত হয়।
এই জয়ের ফলে সেমিফাইনালের পথে বড় সুবিধা পেয়ে গেল অ্যাতলেতিকো মাদ্রিদ। আর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে বার্সেলোনাকে করতে হবে কঠিন লড়াই।











































