শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৯ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শেয়ার

বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন


ban vs new

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশে চলমান বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া সিরিজের দুপুর ২টার ওয়ানডে ম্যাচগুলো এগিয়ে এনে সকাল ১১টা বা সাড়ে ১১টায় শুরু করা হতে পারে। এছাড়া সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো ফ্লাডলাইটের ব্যবহার এড়াতে দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার ভাবনা রয়েছে বোর্ডের।

বিসিবি সভাপতি জানান, জাতীয় স্বার্থে এবং দেশকে সহায়তা করতেই ম্যাচের সময় এগিয়ে আনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দায়িত্ব নেওয়ার পরপরই ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে বড় পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিতে থাকা ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৫ হাজার টাকা করা হয়েছে। একইভাবে ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ১৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ক্রিকেটারদের ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করেছে বোর্ড।

নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। নিগার সুলতানারা এখন থেকে তিন-চার দিনের ম্যাচের জন্য ২০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

বিসিবির এই যুগান্তকারী সিদ্ধান্ত দেশের ক্রিকেটে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা করা হচ্ছে।