
চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার সকালে তাঁদের বহনকারী ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ (স্প্ল্যাশডাউন) করে।
অবতরণের পর মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, চার নভোচারীই সুস্থ ও স্থিতিশীল আছেন। তিনি এই যাত্রাকে “অসাধারণ” হিসেবে উল্লেখ করেন।

১০ দিনের এই অভিযানে অংশ নেন যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে। ১ এপ্রিল যাত্রা শুরু হওয়া এই মিশন একাধিক নতুন ইতিহাস গড়েছে।

চাঁদের দূরবর্তী অংশে অবস্থানকালে তাঁদের সর্বোচ্চ দূরত্ব ছিল প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা অ্যাপোলো-১৩-এর আগের রেকর্ড ভেঙে দেয়।
এছাড়া, এই মিশনে ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের নতুন ইতিহাস গড়েছেন।
এই চন্দ্রাভিযান নাসা’র ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।






































