
ফাইল ছবি
দীর্ঘ বিরতি ভেঙে আবারও রুপালি পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ব্যবসায়িক ব্যস্ততার কারণে গত দুই বছর পর্দায় দেখা না মিললেও, ২০২৬ সালে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল নিজেই এই ফেরার বার্তা দেন।
সংবাদ সম্মেলনে দীর্ঘ বিরতির কারণ স্পষ্ট করে অনন্ত জলিল বলেন, “২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।” তবে এই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’।
অনন্ত জলিল জানান, ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর বোর্ড থেকে অনুমতি পাওয়ার পরপরই বছরের কোনো একটি বিশেষ উৎসবে এটি সারা দেশে মুক্তি দেওয়া হবে। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিনেমায়ও আন্তর্জাতিক মানের আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

নতুন সিনেমার পাশাপাশি অন্যান্য প্রজেক্ট নিয়ে আপডেট দিয়ে অনন্ত জানান, মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর প্রায় ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে ‘কিল হিম-টু’ সিনেমার শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা চলছে। সব মিলিয়ে ‘দিন দ্য ডে’ ও ‘কিল হিম’ সিনেমার সাফল্যের পর বড় পর্দায় অনন্ত-বর্ষার ফেরার সংবাদে ভক্তদের মাঝে নতুন করে কৌতুহল ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।













































