
ঢালিউডের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল বর্তমানে এক কঠিন ব্যবসায়িক পরিস্থিতির মুখোমুখি হয়ে সিনেমা জগতকে ‘আপাতত বিদায়’ জানানোর ঘোষণা দিয়েছেন।
সাভারে অবস্থিত তার বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে একসময় ১২ হাজার কর্মী কাজ করতেন, ব্যবসায়িক মন্দার কারণে সেই জনবল এখন মাত্র ৪ হাজারে নেমে এসেছে। এই বিশাল ব্যবসায়িক ধ্বস সামাল দিতে এবং ফ্যাক্টরিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতেই আপাতত সব মনোযোগ ব্যবসার দিকে দিতে চান এই অভিনেতা। বর্তমানে পেন্ডিং থাকা সিনেমার কাজগুলোও শেষ করার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন তিনি।
মোস্ট ওয়েলকাল, দিন দ্য ডে সিনেমাগুলোর এই নায়ক ও প্রযোজক বললেন, সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।
অনন্ত জলিল আরও বলেন, যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করছি এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাবো।
২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত জানান, তারা যখনই বড় পর্দায় ফিরবেন, একসঙ্গেই ফিরবেন; আর না ফিরলে দুজনের কেউ কাজ করবেন না।
ফলে অনন্তের এই সিদ্ধান্তের কারণে বর্ষার ক্যারিয়ারও বর্তমানে থমকে গেল। এদিকে শুটিং চলাকালীন আটকে থাকা ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ সহ জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমার ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। এ বিষয়ে অনন্ত জলিল সাফ জানিয়ে দিয়েছেন, যদি কখনও ব্যবসায়িক সুদিন ফিরে আসে তবেই এসব সিনেমার কাজ শুরু হবে, নতুবা নয়।









































