রবিবার । এপ্রিল ১২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, তথ্যের অভাবে হতাশ সাংবাদিকরা


Islamabad-talks-media-centre

ইসলামাবাদে আলোচনার সংবাদ সংগ্রহের জন্য মিডিয়া সেন্টারে সাংবাদিকরা। সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা চললেও তথ্য না পেয়ে হতাশ হয়ে পড়েছেন সাংবাদিকরা।

আল জাজিরা জানিয়েছে, আলোচনা ঘিরে পাকিস্তান একটি বড় মিডিয়া হাবে পরিণত হয়েছে। শতাধিক সাংবাদিক সেখানে অবস্থান করলেও মূল বৈঠকস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থাকায় তারা কার্যত বিচ্ছিন্ন।

মিডিয়া সেন্টারে উন্নতমানের কফি, উচ্চগতির ইন্টারনেট ও আকর্ষণীয় আয়োজন থাকলেও মূল আলোচনার কোনো সরাসরি আপডেট পাচ্ছেন না সাংবাদিকরা। সেখানে বিরিয়ানি, কাবাব ও গুলাব জামুনের পাশাপাশি বিশেষ কফি পরিবেশন করা হচ্ছে, এমনকি লোকসংগীতের আয়োজনও রয়েছে।

তবে এসব আয়োজনেও অসন্তোষ কমছে না। এক সাংবাদিক বলেন, “আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি”, আরেকজন জানান, “এখানে করার মতো তেমন কিছুই নেই।”

আলোচনা শুরুর পর স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। যে তথ্য আসছে, তা সরাসরি ব্রিফিংয়ের বদলে হোয়াটসঅ্যাপে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে।