
নিহত মো. সোবহান খান। ছবি: সংগৃহীত
সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. সোবহান খান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, ভ্যানচালক সোবহান খান সংসারের সচ্ছলতা ফেরাতে প্রায় ৫ লাখ টাকা ঋণ করে গত বছরের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় তিনি বাড়িতে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দিলেও ঋণের বোঝা তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল।
কিছুদিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। তাঁকে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোবহান খানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের স্ত্রী মরিয়ম বেগম আহাজারি করে বলেন, “ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো কিছুর আশায়। কিন্তু তিনি কোনো টাকাই পাঠাতে পারেননি। এখন ৬ সন্তান নিয়ে আমি কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছি না।”
চরম আর্থিক সংকটের কারণে সোবহান খানের মরদেহ দেশে আনার সামর্থ্য নেই বলে জানিয়েছে তাঁর পরিবার। মরদেহ দ্রুত দেশে ফেরত আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তারা। আবেদনের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।











































