
ছবি: সংগৃহীত
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছেন বিনোদন জগতের তারকারা। শাড়ি, পান্তা-ইলিশ আর চিরায়ত উৎসবের আমেজে মেতেছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বৈশাখী সাজের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখগুলো।
অভিনেত্রী জয়া আহসানের ঘরে বৈশাখ এসেছে পূর্ণ বাঙালিয়ানায়। পান্তা-ইলিশের থালা সাজিয়ে তোলা জয়া তার অনুভূতির কথা জানিয়ে লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা-ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, হাওয়াই মিঠাই, মুড়িমাখা আর পিঠাপুলির উৎসবে ঘরভরা বাঙালিয়ানা।’
অপু বিশ্বাস নিজেকে সাজিয়েছেন গাঢ় নীল রঙের ছোঁয়ায়। শাড়ির পাড়ের সাথে মিলিয়ে ব্লাউজ আর বৈশাখী আবহে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন।’ অন্যদিকে, নীল পাড়ের কমলা শাড়িতে নজর কেড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন বিদ্যা সিনহা মিম। খোলা চুল আর ছোট্ট টিপে শাড়ি পরা মিম লিখেছেন, ‘নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন… শুভ নববর্ষ!’ অভিনেত্রী সাফা কবিরও তার ভক্তদের জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।
বৈশাখের উৎসবে অংশ নিয়েছেন একঝাঁক জনপ্রিয় শিল্পী। অভিনেত্রী কেয়া পায়েলকে দেখা গেছে স্লিভলেস পোশাকে আধুনিক ও উৎসবী সাজে। এছাড়া চঞ্চল চৌধুরী, দিলারা জামান, দীপা খন্দকার, আনিকা কবির শখ, সুমাইয়া শিমু ও শবনম ফারিয়াসহ আরও অনেককেই নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে।
তারকাদের এই বর্ণিল অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যমেও এনে দিয়েছে উৎসবের বাড়তি আমেজ। সবাই যেন একই সুরে গেয়ে উঠেছেন নতুনের জয়গান।













































