
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক টানাপোড়েন চললেও ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব অনিশ্চয়তা উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
গতকাল বুধবার সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত এক সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন যে ইরান নির্ধারিত ভেন্যুতেই তাদের ম্যাচগুলো খেলবে। ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছেন যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে এবং ইরান যোগ্যতা অর্জন করেই এই আসরে জায়গা করে নিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তপ্ত পরিস্থিতির কারণে ইরান টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দিয়েছিল এবং নিরাপত্তা শঙ্কায় তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পরিস্থিতি আরও জটিল করে তুলেছিলেন।

তবে ফিফা শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে আসছে। ইনফান্তিনোর মতে ফুটবলের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করাই ফিফার মূল লক্ষ্য।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। যদিও বর্তমানে হরমুজ প্রণালি ও বন্দরগুলোতে পাল্টাপাল্টি অবরোধ চলছে, তবুও ফিফা আশা করছে বিশ্বকাপের সময় পরিস্থিতি শান্ত থাকবে।











































