
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ‘এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো। কিন্তু জিয়া পরিবারের বাইরে কোনো দিন আমার কোনো চিন্তা-চেতনা ছিল না।”
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ত্যাগ করার জন্য অনেকেই নানা কথা বলেছে, এমনকি ‘মাফিয়া হাসিনা’ নিজেও অনেকবার চেষ্টা করেছেন। কিন্তু তিনি জেনারেল জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছেন এবং বেগম জিয়ার স্নেহ পেয়েছেন, তাই কোনো প্রলোভন তাকে টলাতে পারেনি।

নিজ দলের জ্যেষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, ড. মোশাররফ হোসেন ছাড়া সবার চেয়ে সিনিয়র হওয়া সত্ত্বেও স্থায়ী কমিটিতে তাকে মূল্যায়ন করা হয়নি, তবে এ নিয়ে তার কোনো ক্ষোভ ছিল না। তার মূল লক্ষ্য ছিল জনগণের ভোটে বারবার সংসদে আসা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্পিকার বলেন, “বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আমার জীবনে মাত্র দুই দিন কথা হয়েছে। কিন্তু তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে আসীন করেছেন। আমি তার ও আমার দল বিএনপির কাছে চিরঋণী।”
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে উক্ত সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












































