রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

একদিনেই দেশে ফিরলো ৩৪ প্রবাসীর মরদেহ


probasi-dead-body

ছবি: সংগৃহীত

পরিবারের মুখে হাসি ফোটাতে বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না; নিথর দেহে কাঠের কফিনে বন্দি অবস্থায় দেশে ফিরলেন ৩৪ রেমিট্যান্স যোদ্ধা।

শনিবার (১৮ এপ্রিল) কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ভিন্ন ভিন্ন ফ্লাইটে করে এই প্রবাসীদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ফিরে আসা ৩৪ মরদেহের মধ্যে ৩০ জনই কুয়েত প্রবাসী। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত থেকে যাত্রীবাহী ফ্লাইটগুলো কয়েক দফায় বাতিল হওয়ায় এই রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দীর্ঘ সময় বিদেশের মাটিতেই পড়ে ছিল।

অবশেষে শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে ফিরেছে আরও ৪টি মরদেহ।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন ও বোর্ড সভা) মো. নাজমুল হক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আর ফ্লাইট জটিলতার কারণে মরদেহগুলো আটকে পড়েছিল। শোকাতুর স্বজনরা প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য দিন গুনছিলেন বিমানবন্দরে। দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদের নিথর দেহগুলো স্বদেশের মাটিতে নিয়ে আসা সম্ভব হয়েছে।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে যখন একের পর এক কফিন হস্তান্তর করা হচ্ছিল, তখন সেখানে উপস্থিত স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। যারা পরিবারের ভাগ্য বদলাতে গিয়ে বিদেশের মাটিতে প্রাণ হারিয়েছেন, তাদের এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউই। বিমানবন্দরের কর্মীরাও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জানানো হয়েছে, সরকারি বিধি মোতাবেক মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন ও অন্যান্য সহযোগিতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্বজনদের এই বুকফাটা কান্নার কাছে যেন সব সান্ত্বনাই আজ ব্যর্থ।