
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই দারুণভাবে জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার দল ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর এই হারের ফলে আর্সেনালের দীর্ঘদিনের শিরোপা স্বপ্ন এখন বড় ধরণের হুমকির মুখে পড়ল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। খেলার ১৬ মিনিটেই রায়ান চেরকির গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক মারাত্মক ভুলে বল পেয়ে সমতা ফেরাতে ভুল করেননি আর্সেনালের কাই হাভার্টজ।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন গোলমেশিন আর্লিং হালান্ড। ৬৫ মিনিটে তাঁর করা দর্শনীয় গোলটি সিটির ৩ পয়েন্ট নিশ্চিত করার পাশাপাশি লিগ টেবিলের নিয়ন্ত্রণও তাদের দিকে ঝুঁকিয়ে দেয়।

এই জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে সমীকরণ বলছে, আগামী বুধবার বার্নলিকে হারাতে পারলেই আর্সেনালকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে সিটি। হাতে ম্যাচ বাকি থাকায় এবং দারুণ ফর্মে থাকায় শিরোপা জয়ের দৌড়ে এখন গার্দিওলার দলই সবচেয়ে বেশি ফেভারিট।












































