মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২১ এপ্রিল ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা


SSC exam

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের জন্য ১৪টি জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।

১. কেন্দ্রে প্রবেশের সময়: পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। কেন্দ্র খোলা হবে সকাল ৮টা ৩০ মিনিটে।

২. পরীক্ষার সময়: প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার ক্রম: প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. প্রবেশপত্র সঙ্গে রাখা: পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগৃহীত মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনবে।

৫. ওএমআর ফরম পূরণ: উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না।

৬. পৃথকভাবে পাস: প্রতিটি শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক—এই তিনটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৭. নিবন্ধিত বিষয়ে পরীক্ষা: পরীক্ষার্থী কেবল তার নিবন্ধনপত্রে (Registration Card) উল্লিখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। ভিন্ন বিষয়ে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই।

৮. ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষায় কেবল সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

৯. মোবাইল ফোন নিষিদ্ধ: কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না।

১০. ধারাবাহিক মূল্যায়ন: শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বরগুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোর্ডে পাঠানো হবে।

১১. উপস্থিতিপত্র: সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

১২. ব্যবহারিক পরীক্ষা: ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৩. প্রবেশপত্র বিতরণ: পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে।

১৪. ফলাফল পুনঃনিরীক্ষণ: পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করা যাবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।