মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউনের ঘোষণা


বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউনের ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষক সংকট ও শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতি ও পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সংকট ও পদোন্নতি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে শিক্ষকরা সব একাডেমিক কার্যক্রমে কর্মবিরতি পালন করবেন। পরিস্থিতির উন্নতি না হলে বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখা হবে।

শিক্ষকরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে সিন্ডিকেট অনুমোদিত বিধিবিধির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে সম্প্রতি ইউজিসির এক নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নতি ও পর্যায়োন্নয়নসহ সংশ্লিষ্ট সব বিধি যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হবে।

এই নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক কাঠামো ও কার্যক্রম আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি শিক্ষকদের।

তারা বলেন, চ্যান্সেলরের অনুমোদিত সংবিধি ও বিধি না থাকলে শিক্ষাক্রম নির্ধারণ, পরীক্ষা গ্রহণ, এমনকি ডিগ্রি প্রদানও আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগেই একাধিক ব্যাচে পাঠদান চলছে, অথচ অনেক বিভাগে মাত্র তিন থেকে চারজন শিক্ষক কর্মরত আছেন। একই সঙ্গে ৫১টি শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় পাঠদান কার্যক্রম চরম চাপে রয়েছে। খণ্ডকালীন শিক্ষকদের ভাতা বন্ধ থাকাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।

এছাড়া, ২৪ জন শিক্ষকের পদোন্নতির সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বাড়ছে। এই প্রেক্ষাপটে এক শিক্ষক আমরণ অনশনে বসেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে এবং দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা কর্মবিরতি ও শাটডাউনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।