বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ এপ্রিল ২০২৬, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার


Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম।

এ ছাড়া এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম, এপিবিএনের ডিআইজি সালমা বেগম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেনও রয়েছেন তালিকায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের অবসর দেওয়া হয়েছে।

আইনের এ ধারায় উল্লেখ আছে, কোনো কর্মকর্তার চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজনে যে কোনো সময় কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে।

তবে অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।