শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি


libya-bangladeshi

ছবি: সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি বিশেষ ফ্লাইটে তারা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তারা সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় অনুপ্রবেশের পর তারা বিভিন্ন সময় আটক হন এবং সেখানে মানবেতর জীবনযাপন ও নির্যাতনের শিকার হন। স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা পোষণ করলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তাদের এই প্রত্যাবাসন নিশ্চিত করা হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তাগণ ফিরে আসা নাগরিকদের অভ্যর্থনা জানান। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা প্রদান করা হয়।

আইওএম-এর পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে যাতায়াত খরচ বাবদ ৬ হাজার টাকা, শুকনো খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া যাদের প্রয়োজন, তাদের জন্য অস্থায়ী বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রত্যাবাসিত ব্যক্তিদের অনুরোধ করেছেন তারা যেন তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের জানান, যাতে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হয়।

উল্লেখ্য, লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলোতে আটকে থাকা বাকি বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।