
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকারসহ কয়েকজন আলোচিত ব্যক্তি
বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, রেল অনিয়মবিরোধী আন্দোলনে আলোচিত মহিউদ্দিন রনি এবং পরে সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেলও দলে যোগ দেন।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ অনুষ্ঠানে তাদের বরণ করে নেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা।
ফেরসামিন হক বিদেশে থাকায় অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকতে পারেননি। অন্যরা অনুষ্ঠানের মঞ্চে ছিলেন। নাম ঘোষণার পর ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার দীর্ঘদিন বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে পরিচিত। তিনি এনসিপির জন্য অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে যোগদানকারীরা নিজেদের অনুভূতি তুলে ধরে বক্তব্য দেন। এর আগে গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতাও এনসিপিতে যোগ দিয়েছিলেন।






































