
দুই প্রজন্মের দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবং বাপ্পা মজুমদার এবার হাজির হচ্ছেন একেবারেই নতুন এক চমক নিয়ে। প্রথমবারের মতো একসঙ্গে একটি গজলধর্মী বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানের শিরোনাম ‘অনায়াসে’।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তার মাধ্যমে রুনা লায়লা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন।

বরেণ্য এই শিল্পী জানান, ‘অনায়াসে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। শুরুতে গানটি রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার কথা থাকলেও গানটি শোনার পর তিনিই বাপ্পা মজুমদারকে দ্বৈতকণ্ঠের প্রস্তাব দেন।
রুনা লায়লা বলেন, “গানটি শোনার পর আমিই বাপ্পাকে ফোন করে বললাম, গানটা আমরা দুজনে মিলে গাই। আমার প্রস্তাবে ও অবাক হয়েছিল!” গালিব হাসানের কথায় গানটি একটি ভিন্নধর্মী বাংলা গজল হিসেবে তৈরি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে।












































