রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৬ এপ্রিল ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
শেয়ার

নাটকীয় জয়ে ইতিহাস গড়ল ম্যানসিটি, টানা চতুর্থবার এফএ কাপ ফাইনালে


Doku-Mancity

ছবি: রয়টার্স

এফএ কাপের সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল, যা এফএ কাপের ইতিহাসে প্রথম।

ম্যাচের ৭৯ মিনিটে ফিন আজাজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটন। তখন অঘটনের স্বপ্ন দেখতে শুরু করেন তাদের সমর্থকেরা। তবে মাত্র আট মিনিটের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে দেয় সিটি।

প্রথমে জেরেমি ডোকুর শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে সমতা ফেরে। এরপর পাঁচ মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন নিকো গঞ্জালেস।

এর আগে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের অসাধারণ সেভ সিটিকে ম্যাচে টিকিয়ে রাখে।

এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল ম্যানসিটি। ইতোমধ্যে লিগ কাপ জেতা দলটি প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়েও আছে।

আগামী ১৬ মে ওয়েম্বলিতেই হবে ফাইনাল। সেখানে চেলসি অথবা লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।