
সচিব পদমর্যাদায় (গ্রেড-১) তাকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ কে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সচিব পদমর্যাদায় (গ্রেড-১) তাকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সৈয়দ আবদাল আহমদ দেশের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি দুইবার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৮৯ সালে তিনি ফিলিপস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।
১৯৮২ সালে দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি, যার মধ্যে রয়েছে আমার দেশ, বাসস, জনকণ্ঠ, দিনকাল ও সাপ্তাহিক বিচিত্রা। বর্তমানে তিনি দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক এবং শিশু-কিশোর পত্রিকা ‘টুনটুনি’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।







































