
ফাইল ছবি
সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।
রাজধানী ঢাকার আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিজলি চমকানোর প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির এই পূর্বাভাস তপ্ত আবহাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।








































