মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় কেট হাডসন


kate-hudson

হলিউড তারকা কেট হাডসন

সময়টা দারুণ উপভোগ করছেন হলিউড তারকা কেট হাডসন। গত ১৯ এপ্রিল ৪৭ বছরে পা রাখা এই অভিনেত্রী ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছেন, যা তাঁকে প্রতিনিয়ত অবাক করছে। ‘সং সাং ব্লু’ সিনেমার জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন এবং টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া—সব মিলিয়ে কেট এখন আলোচনার কেন্দ্রে।

সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ নিজের জন্মদিন ও বয়স নিয়ে কেট বলেন, “বয়স বাড়ছে, এটা খুব ভালো লাগছে। এখন শুধু সময়টা উপভোগ করতে চাই। নিজের পছন্দের খাবার, ব্যায়াম আর ভালো কিছু চরিত্র—এর চেয়ে বেশি আর কী চাওয়ার আছে!” অস্কার না জিতলেও এই মনোনয়নকে নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

এদিকে ২৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কেট অভিনীত স্পোর্টস-কমেডি সিরিজ ‘রানিং পয়েন্ট’-এর দ্বিতীয় মৌসুম। এতে ‘আইলা গর্ডন’ চরিত্রে তাঁকে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেছে। গ্ল্যামারাস ইমেজের বাইরে ক্ষমতা, খেলাধুলা আর করপোরেট রাজনীতির কঠিন বাস্তব তুলে ধরেছেন তিনি।

পুরুষপ্রধান ক্রীড়া সংগঠনের দায়িত্ব পালন এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন মিলিয়ে ১০ পর্বের এই সিরিজে কেট দেখিয়েছেন তাঁর অভিনয় শৈলী। অস্কার পরবর্তী বিরতি কাটিয়ে এই সিরিজের মাধ্যমে আবারো দর্শকদের মাতিয়ে রাখছেন এই অভিনেত্রী।