শুক্রবার । মে ১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১ মে ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
শেয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই কি শুরু হয়ে গেছে!


Elon Sam

ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান ।। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান–এর মধ্যে চলমান আইনি লড়াই ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে, উন্নত এআই বা তথাকথিত ‘সুপারইন্টেলিজেন্স’ কার হাতে থাকবে—এই প্রশ্নটি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মাস্ক ওপেন এআই–এর বিরুদ্ধে মামলা করেছেন, অভিযোগ প্রতিষ্ঠানটি তার মূল অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার দাবি, প্রতিষ্ঠার সময় নিরাপদ ও স্বচ্ছভাবে এআই উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ভঙ্গ করা হয়েছে।

অন্যদিকে ওপেন এআই–এর পক্ষ বলছে, ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ছাড়ার পর এখন বাজারে প্রতিযোগিতার কারণে মাস্ক এই অভিযোগ তুলছেন।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মাস্ক বলেন, শুরুর দিকে ওপেন এআই–এর ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি ছিল, যাতে প্রযুক্তির অপব্যবহার না হয়। বিশেষ করে মাইক্রোসফটের বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার প্রশ্ন ছিল, ‘ডিজিটাল সুপারইন্টেলিজেন্স কি সত্যিই মাইক্রোসফটের হাতে থাকা উচিত?’

তবে সমালোচকরা বলছেন, মাস্ক নিজেও শুরুতে ওপেন এআই–এর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চেয়েছিলেন, যা তার বর্তমান অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে এআই–এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় মূলত কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নামই উঠে আসছে—যেমন ওপেন এআই, মাইক্রোসফট, গুগল, মেটা এবং এনথ্রপিক। সমালোচকদের মতে, মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি এত সীমিত গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়া নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই–এর সম্ভাবনা যেমন বিশাল, তেমনি এর ঝুঁকিও বড়। তবে এই প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—তা এখনো স্পষ্ট নয় এবং ভবিষ্যতে এ নিয়ে আরও বড় আইনি ও নীতিগত বিতর্কের সম্ভাবনা রয়েছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল