শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধায় হাজারো মানুষের মানববন্ধন


গাইবান্ধা

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের তীর

গাইবান্ধার বালাশীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের তীর। শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।

রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমিয়ে আনা এবং এই জনপদের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বদলে দিতে দ্রুততম সময়ে সেতুটি নির্মাণের জোরালো দাবি জানান এলাকাবাসী। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা সেতুটিকে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ‘প্রাণের দাবি’ হিসেবে উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা ও সংলগ্ন এলাকার মানুষের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে এই সেতুর কোনো বিকল্প নেই। এটি নির্মিত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে।

সমাবেশে স্থানীয় বাসিন্দা ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি তৌহিদুর রহমান মিলনসহ উপজেলা ও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করে দ্রুত সরকারি পদক্ষেপের আহ্বান জানান।