
সংগৃহীত ছবি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে নির্মাতা হাসান জাহাঙ্গীর ও চিত্রনায়ক ওমর সানীর বিরোধ। নাটক থেকে সিনেমায় রূপান্তর হওয়া এই প্রজেক্ট ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ আর মামলার হুমকিতে উত্তাল ঢালিউড পাড়া। এবার ওমর সানীর বিরুদ্ধে সরাসরি চাঁদা দাবি ও মানহানির অভিযোগ তুললেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।
প্রায় তিন বছর আগে নাটক হিসেবে শুটিং শুরু হওয়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আগামী ১৫ মে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন হাসান জাহাঙ্গীর। তবে মুক্তির ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরোধিতা করেন ওমর সানী। একটি অডিও ক্লিপ প্রকাশ করে তিনি দাবি করেন, নাটককে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ওমর সানী নির্মাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
ওমর সানীর অভিযোগের জবাবে হাসান জাহাঙ্গীর গণমাধ্যমে বলেন, “মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেছেন। তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়? সরকার ও সমিতিসহ সব পক্ষ এর অনুমোদন দিয়েছে।”
ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে হাসান জাহাঙ্গীর আরও বলেন, “৩ কোটি টাকা খরচ করে আমি এই প্রজেক্টটি দাঁড় করিয়েছি। ওমর সানীর কারণে যদি কেউ সিনেমাটি না নেয়, তবে আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকার মানহানির মামলা করব। তিনি আমাকে হুমকি দিচ্ছেন, আমার প্রতি তাঁর যে শ্রদ্ধা ছিল তা তিনি নিজেই নষ্ট করলেন।”
ওমর সানী যখন নাটককে সিনেমা বানানোর অভিযোগে আইনি ব্যবস্থার কথা বলছেন, তখন হাসান জাহাঙ্গীরও অনড়। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে এবং তিনি দ্রুতই মানহানির মামলা ঠুকে দেবেন।











































