
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
সেই গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের অনুকূলে আসন বণ্টনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবংএবং স্বতন্ত্রভাবে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এই সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের পূর্ণ যোগ্যতা অর্জন করলেন। শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









































