সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৪ মে ২০২৬, ৫:২০ অপরাহ্ন
শেয়ার

সাড়ে ১৭ কেজি স্বর্ণ হয়ে গেল দেড় কেজি


Gold Bar

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি স্বর্ণ হাইকোর্টের নথিতে মাত্র দেড় কেজি দেখিয়ে আসামিদের জামিন নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি অনুসন্ধানে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর আসামিরা জামিন নিতে এলে সাড়ে ১৭ কেজি স্বর্ণকে মাত্র ১ কেজি ৫০০ গ্রাম হিসেবে উপস্থাপন করা হয়।

তথ্যের এই ব্যাপক গরমিল ও জালিয়াতির আশ্রয় নিয়ে আসামিরা আদালত থেকে জামিন হাতিয়ে নেন। জামিন মঞ্জুর হওয়ার পাঁচ দিন পর রাষ্ট্রপক্ষ নথিপত্র পরীক্ষা করে দেখতে পায় যে, ‘১৭’ সংখ্যাটি থেকে ‘৭’ সরিয়ে দিয়ে সুকৌশলে সেটিকে ‘১’ বানানো হয়েছে। জালিয়াতি ধরা পড়ার পর হাইকোর্ট দ্রুত জামিন স্থগিত করলেও ততক্ষণে আসামিরা কারাগার থেকে মুক্তি পেয়ে যান।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেস্টের চাকা জব্দ করেছিল এনএসআই ও শুল্ক গোয়েন্দারা, যার বাজার মূল্য ছিল প্রায় ২১ কোটি টাকা। এই ভয়াবহ জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে অভিযুক্তদের আইনজীবী সাদিয়া ইয়াসমিন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, মামলা গ্রহণের সময় নথিপত্রে স্বর্ণের পরিমাণ দেড় কেজিই ছিল।