মঙ্গলবার । মে ৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শেয়ার

বাঙালি সাজে দলীয় কার্যালয়ে মোদি, ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথের ঘোষণা


Modi

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর দিল্লিতে দলীয় কার্যালয়ে বাঙালি সাজে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দপ্তরে ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে ওঠেন তিনি, যা ঘিরে তৈরি হয় ব্যতিক্রমী এক পরিবেশ।

মঞ্চে মোদির উপস্থিতির সময় দর্শক সারিতে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের শীর্ষ নেতাদের দেখা যায়। জয়ের উচ্ছ্বাস তার অভিব্যক্তিতেও স্পষ্ট ছিল। খবর এইসময় অনলাইনের।

বিজয়ের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও সাধনার ফল আজ বাস্তবে রূপ নিয়েছে। দেশের কোটি কোটি কর্মী-সমর্থকের আনন্দে তিনিও শামিল বলে জানান তিনি। একই সঙ্গে বাংলা, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার জনগণকে অভিনন্দন জানান এবং এই জয়কে নতুন ইতিহাস হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটবে”—এই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের কথাও তুলে ধরেন তিনি এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন।

মোদি আরও বলেন, বাংলার মানুষ তোষণ ও ভয়ের রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং এখন উন্নয়নের পথে এগিয়ে যাবে। নারীর নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৯ মে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার শপথ নেবে বলেও ঘোষণা দেন নরেন্দ্র মোদি।