
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন নাটকীয়তায় তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর ভবানীপুরেই পরাজিত হয়েছেন বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে।
ফল ঘোষণার পর দেখা যায়, টানটান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে শেষ পর্যন্ত ভবানীপুর আসনটি দখলে নেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে নন্দীগ্রামের পর দ্বিতীয় বড় দ্বৈরথেও হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট গণনায় শুরু থেকে শেষ পর্যন্ত ওঠানামার লড়াই চলে। প্রথম দিকের কয়েক রাউন্ডে এগিয়ে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমিয়ে ষোড়শ রাউন্ডে মমতাকে ছাড়িয়ে যান শুভেন্দু। শেষ পর্যন্ত তিনি ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন।
নির্বাচনের দিন সকাল থেকে দুই শিবিরই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে অবস্থান করলেও শেষ মুহূর্তে উত্তেজনা বাড়ে। অভিযোগ, গণনাকেন্দ্রের বাইরে সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান-পাল্টা স্লোগানের ঘটনা ঘটে।
পরাজয়ের পর ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাত ও অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, এটি “জনরায়ের নয়, বরং জোর করে আদায় করা ফল”।
অন্যদিকে, জয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, এই জয় হিন্দুত্ব ও জনসমর্থনের প্রতিফলন। তিনি ফলকে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা






































