
বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে
হরমুজ সংকট না কাটায় অস্থিরতা বিরাজ করছে জ্বালানি তেলের বাজারে। ফলে হঠাৎ করেই বেড়ে গেছে বিশ্ববাজারে তেলের দাম। সোমবার (০৪ মে) বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে ওঠে।
আজ মঙ্গলবার (৫ মে) ভোরে দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত দুইটা নাগাদ ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হচ্ছিল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত অচল হয়ে পড়ায় এবং ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হওয়ায় বাজার বিশ্লেষকরা তেলের দাম আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা এবং হরমুজ প্রণালিতে ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে বাড়ছে যুদ্ধের শঙ্কা।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই জলপথ যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তেলের বাজারকে অস্থির করে তুলেছে। যদি হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ থাকে বা হামলা অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে।












































