বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৬ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন


Ted Turner

১৯৮০ সালের ১ জুন তিনি চালু করেন সিএনএন—বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক

বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল সিএনএন-এর প্রতিষ্ঠাতা, গণমাধ্যম উদ্যোক্তা টেড টার্নার মারা গেছেন। বুধবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম নেওয়া টার্নার তার স্পষ্টভাষী স্বভাবের জন্য ‘মাউথ অব দ্য সাউথ’ নামে পরিচিত ছিলেন। আটলান্টাভিত্তিক এই ব্যবসায়ী গড়ে তুলেছিলেন একটি বিশাল মিডিয়া সাম্রাজ্য—যার মধ্যে ছিল কেবল টিভির প্রথম সুপারস্টেশন, সিনেমা ও কার্টুন চ্যানেল, এমনকি আটলান্টা ব্রেভার্স-এর মতো পেশাদার ক্লাব।

১৯৮০ সালের ১ জুন তিনি চালু করেন সিএনএন—বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক। এই উদ্যোগই টেলিভিশন সাংবাদিকতায় বিপ্লব ঘটায় এবং বিশ্বজুড়ে রিয়েল-টাইম খবর দেখার নতুন যুগের সূচনা করে।

গণমাধ্যমের বাইরে টার্নার ছিলেন একজন সফল নাবিক, পরিবেশবাদী ও সমাজ সেবক। তিনি ইউনাইটেড ন্যাশনস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিশ্ব থেকে পারমাণবিক অস্ত্র নির্মূলের পক্ষে সোচ্চার ছিলেন। যুক্তরাষ্ট্রে বাইসন পুনঃপ্রবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শিশুদের পরিবেশ সচেতন করতে ‘ক্যাপ্টেন প্ল্যান্টে এন্ড দ্য প্লানিটার্স’ নামের জনপ্রিয় কার্টুন সিরিজও তৈরি করেছিলেন।

১৯৯১ সালে প্রভাবশালী টাইম ম্যাগাজিন তাকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করে। পরবর্তীতে তিনি তার মিডিয়া ব্যবসা বিক্রি করে দিলেও সিএনএন-কে জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করতেন।

সিএনএনের বর্তমান চেয়ারম্যান ও সিইও মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, ‘টার্নার ছিলেন সাহসী, দূরদর্শী এবং নিজের সিদ্ধান্তে আস্থাশীল একজন নেতা। আমরা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা তারই অবদান।’