বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৭ মে ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
শেয়ার

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ


তদন্তে উঠে এসেছে, হামলায় ব্যবহৃত একটি সন্দেহজনক গাড়ি উদ্ধার করেছে পুলিশ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা চলছিল। এর মধ্যেই বিজেপি নেতা রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রাঠকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।

বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহরিয়ার কাছে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথ রাঠের সাদা স্করপিও গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়।

৪১ বছর বয়সি চন্দ্রনাথ রাঠ ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মী ছিলেন এবং বিজেপির সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। হামলায় তার গাড়ির চালকও আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা খুব কাছ থেকে গুলি চালায় এবং পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। রাঠের বুকে ও পেটে গুলি লাগে। চিকিৎসকদের মতে, গুলি তার হৃদপিণ্ড ভেদ করে যায়।

তদন্তে উঠে এসেছে, হামলায় ব্যবহৃত একটি সন্দেহজনক গাড়ি উদ্ধার করেছে পুলিশ। সেই গাড়ির নম্বরপ্লেট ভুয়া ছিল বলে জানা গেছে। নম্বরটি আসলে শিলিগুড়ির অন্য একটি গাড়ির। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

ঘটনার পর বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্যদিকে রাজ্যের সদ্য ক্ষমতা হারানো দল তৃণমূল কংগ্রেসও এই হত্যার নিন্দা জানিয়ে সিবিআই তদন্তের দাবি করেছে।

বর্তমানে কলকাতা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।