
ছবি: সংগৃহীত
নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।
পত্নীতলা থানা পুলিশ জানায়, মতিউর ও নাজমুল একটি প্রাইভেটকারে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথে নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়।
ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুজনই আটকা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।













































