
সোনিয়া গান্ধী। ফাইল ছবি
ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য হরিয়ানার গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি অস্ত্রোপচারের জন্য তাকে মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সদস্য বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশিজনিত জটিলতায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তার শ্বাসকষ্ট ও কাশির সমস্যা মাঝে মাঝেই বেড়ে যায়। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল করতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো সোনিয়া গান্ধীকে। এর আগে গত মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। সে সময় তার শরীরে সংক্রমণ ধরা পড়লে দীর্ঘ মেয়াদে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।












































