
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন
সিরাজগঞ্জে বাবা-মা হারানো দুই শিশু রায়হান (৯) ও রোহান (৭)-এর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে শিশু দুটির দুঃখ-কষ্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি তার নজরে আসে।
গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছোটবেলায় বাবাকে হারানো এই দুই শিশু চার মাস আগে মাকেও হারায়। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে তাদের বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে বসবাস করছে। মানুষের বাড়িতে কাজ করে তাদের নানী কোনো রকমে সংসার চালাচ্ছেন। আর্থিক সংকটে শিশু দুটির লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু দুটির বাড়ি পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তারা শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আবাসনের বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি শিশুদের শিক্ষার জন্য এককালীন ও মাসিক শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়।
প্রতিনিধি দলের সঙ্গে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












































