শুক্রবার । মে ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ন
শেয়ার

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্ত হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ


ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে মুসলিম নির্যাতন এবং বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১৫ মে) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই মিছিলটি বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, “সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করার মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে।” তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকার পর ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। পুশইন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

সমাবেশ থেকে ভারতের এই অপ্রতিবেশীসুলভ আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। আহমদ আবদুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে ৩ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলেও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে এখনও তলব করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবিলম্বে সরকারকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” একই সঙ্গে তিনি ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কথা উল্লেখ করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, দখলদার রাষ্ট্র ইসরাইল বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সম্প্রতি লেবাননে ড্রোন হামলায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রবাসের সাধারণ শ্রমজীবী মানুষগুলোকেও ইসরাইল রেহাই দিচ্ছে না। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।