শনিবার । মে ১৬, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৬ মে ২০২৬, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

আইএসআইএলের শীর্ষ নেতা আবু বিলাল আলমিনুকি নিহত: ট্রাম্প


Donald Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আইএসআইএল (আইএসআইএস)-এর কথিত দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছে দুই দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ‘সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত একটি অভিযানের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজনকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে।’

ট্রাম্প দাবি করেন, আল-মিনুকি আফ্রিকায় আত্মগোপন করে ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্যসূত্র ছিল, যারা তার গতিবিধি সম্পর্কে নিয়মিত তথ্য সরবরাহ করছিল।

তিনি এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান। তবে অভিযানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু শনিবার এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া কার্যকর সহযোগিতার গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে।

টিনুবুর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্যে জানা গেছে—লেক চাদ অববাহিকায় আল-মিনুকির আস্তানায় চালানো হামলায় তিনি এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের যৌথ নিরাপত্তা লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অংশীদারিত্বকে নাইজেরিয়া গুরুত্বের সঙ্গে দেখে।’ একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আবু-বিলাল আল-মিনুকির বিরুদ্ধে ২০২৩ সাল থেকেই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাকে সাহেল অঞ্চলে সক্রিয় আইএসআইএলের একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে উল্লেখ করেছিল।

তখন যুক্তরাষ্ট্র তাকে ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী’ তালিকাভুক্ত করে জানায়, তিনি আইএসআইএলের ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর অংশ ছিলেন। এই শাখাটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির কার্যক্রম পরিচালনা ও অর্থায়নের দায়িত্বে রয়েছে বলে দাবি করে ওয়াশিংটন।