
ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভি ডি সতীশান
ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভি ডি সতীশান। তার সঙ্গে ২০ সদস্যের মন্ত্রিসভাও শপথ নেয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিভিন্ন রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা।
দুই দফায় ক্ষমতায় থাকা লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)-কে পরাজিত করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) কেরালায় পুনরায় ক্ষমতায় ফিরেছে। এই প্রত্যাবর্তনে ভি ডি সতীশানের নেতৃত্বকে দলের পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে প্রথমদিকে কে সি বেণুগোপাল-এর নাম গুরুত্ব পেলেও শেষ পর্যন্ত ঐকমত্য গড়ে ওঠে সতীশানের পক্ষে।
ইউডিএফ সরকারের মাধ্যমে এখন দক্ষিণ ভারতের তিনটি রাজ্যে—কেরালা, কর্ণাটক এবং তেলেঙ্গানা—কংগ্রেস ক্ষমতায় রয়েছে।
সতীশানের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয় সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের প্রবীণ নেতা এ কে অ্যান্টনির মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমন্বয়ের পর।







































